আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বাড়ির পার্টিতে গুলি, নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবানের দক্ষিণে একটি টাউনশিপে বাড়িতে পার্টি চলাকালে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে কোয়াজুলু-নাটাল প্রদেশের কোয়ামাখুথা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পার্টিতে এক নারী ও ১৩ জন পুরুষসহ মোট ১৪ জন উপস্থিত ছিলেন। গতকাল বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিদেনে বলা হয়েছে, হামলাকারীরা তিনজন সশস্ত্র ব্যক্তি। তারা পার্টিতে থাকা অতিথিদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। নিহতদের মধ্যে একজন নারী ছিলেন, যিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি গ্যাং-সংক্রান্ত ঘটনা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপের বিরোধের জেরে হামলাটি হয়ে থাকতে পারে বলেও জানিয়েছে তারা। হামলায় জড়িত তিন সন্দেহভাজনকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত ও আহতদের মধ্যে কয়েকজন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের অপরাধ গোয়েন্দা বিভাগের নজরদারিতে ছিলেন বলেও জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। দক্ষিণ আফ্রিকায় সহিংস অপরাধ ও হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরেই বড় ধরনের উদ্বেগের কারণ। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন হত্যার শিকার হন বলে জানা গেছে। এদিকে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে দেশটির ভোটারদের কাছে সহিংস অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। সূত্র: রয়টার্স

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!