ইউরোপে খাদ্যের দাম বাড়লেও মজুরি কি বেড়েছে

গত পাঁচ বছরে ইউরোপজুড়ে খাদ্যপণ্যের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে অনেক দেশে ন্যূনতম মজুরিও বেড়েছে। ফলে কোথাও শ্রমিকদের খাদ্য কেনার সক্ষমতা বেড়েছে, আবার কোথাও মূল্যস্ফীতির চাপে কমেছে। সম্প্রতি ইউরোনিউজ বিজনেসের বিশ্লেষণে ইউরোপের ২৬টি দেশের ন্যূনতম মজুরি ও খাদ্যপণ্যের দামের পরিবর্তনে এমন চিত্র উঠে এসেছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয়ের দাম গড়ে ৩৪ শতাংশ বেড়েছে। হাঙ্গেরিতে সবচেয়ে বেশি ৫৭ শতাংশ, এরপর বুলগেরিয়ায় ৫৪ শতাংশ এবং রোমানিয়ায় ৫৩ শতাংশ দাম বেড়েছে। বিপরীতে সাইপ্রাসে বেড়েছে ২১ শতাংশ। ইইউর বড় অর্থনীতিগুলোর মধ্যে ফ্রান্সে খাদ্যের দাম ২৫ শতাংশ, ইতালিতে ৩০ শতাংশ, জার্মানিতে ৩৪ শতাংশ এবং স্পেনে ৩৫ শতাংশ বেড়েছে। এদিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির হিসাবে ইইউতে এগিয়ে হাঙ্গেরি। পাঁচ বছরে দেশটিতে ন্যূনতম মজুরি বেড়েছে ৯৩ শতাংশ। জার্মানিতে ৪৬ শতাংশ, স্পেনে ২৯ শতাংশ এবং ফ্রান্সে ২০ শতাংশ বেড়েছে। তবে মজুরি বাড়লেও সব দেশে শ্রমিকদের খাদ্য কেনার সক্ষমতা বাড়েনি। বিশ্লেষণে দেখা গেছে, ২৬টি দেশের মধ্যে মাল্টা, স্পেন ও ফ্রান্সে ন্যূনতম মজুরি পাওয়া শ্রমিকদের খাদ্য ক্রয়ক্ষমতা কমেছে। মাল্টায় কমেছে ৬ শতাংশ, স্পেনে ৫ শতাংশ এবং ফ্রান্সে ৪ শতাংশ। অর্থাৎ ২০২১ সালে ১০০টি খাদ্যপণ্যের ঝুড়ি কেনা সম্ভব হলে ২০২৬ সালে একই আয়ে মাল্টায় কেনা যাচ্ছে ৯৪টি, স্পেনে ৯৫টি এবং ফ্রান্সে ৯৬টি। অন্যদিকে সার্বিয়া ও মন্টেনেগ্রোতে খাদ্য কেনার সক্ষমতা বেড়েছে সর্বোচ্চ ৩৭ শতাংশ করে। এছাড়া ক্রোয়েশিয়া, আলবেনিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও লিথুয়ানিয়ায় এই সক্ষমতা ২০ শতাংশের বেশি বেড়েছে। জার্মানিতে খাদ্য ক্রয়ক্ষমতা বেড়েছে ১০ শতাংশ, আয়ারল্যান্ডে ৯ শতাংশ, গ্রিসে ৭ শতাংশ এবং বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ৬ শতাংশ। তুরস্কে পরিস্থিতি ছিল ব্যতিক্রম। পাঁচ বছরে দেশটিতে খাদ্যের দাম বেড়েছে ৭৫২ শতাংশ, আর ন্যূনতম মজুরি বেড়েছে ৮২৩ শতাংশ। এর ফলে খাদ্য কেনার সক্ষমতা বেড়েছে ৮ শতাংশ। তবে এই বিশ্লেষণ কর, বাড়িভাড়া ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বাদ দিয়ে একজন শ্রমিকের হাতে কত টাকা থাকে, তা বিবেচনায় নেয়নি। মূলত ন্যূনতম মজুরি দিয়ে নির্দিষ্ট সময়ে কতটা খাদ্য কেনা যায়, সেই পরিবর্তনই এতে তুলে ধরা হয়েছে। সূত্র: ইউরোনিউজ




