জাতীয়প্রধান খবর

২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

দেশের কৃষি উৎপাদন সচল রাখতে ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকেও ইউরিয়া সার কেনা হবে। আটটি প্রস্তাবের বিপরীতে এসব সার কিনতে মোট ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার আটটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বৈঠক সূত্রে জানা গেছে, মোট সারের মধ্যে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন টিএসপি ও ডিএপি সার আসবে মরক্কো থেকে। বাকি ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহ করা হবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাফকো থেকে। কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে দুই লটে ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। এর মধ্যে ১০ম লটে ৩০ হাজার টন সার কিনতে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩৯৫ টাকা। প্রতি টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার। ১১তম লটে একই পরিমাণ সার কিনতে ব্যয় হবে ২৪৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৫৬০ টাকা। এ ক্ষেত্রে প্রতি টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৩৩ ডলার। একই প্রতিষ্ঠান থেকে দুই লটে আরও ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনা হবে। চুক্তির ঐচ্ছিক ষষ্ঠ লটে ৪০ হাজার টন সার আমদানিতে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২০ টাকা। অষ্টম লটেও একই পরিমাণ সার কেনা হবে একই দামে। দুই লটেই প্রতি টন ডিএপি সারের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ ডলার। অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুই লটে ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে। প্রথম ঐচ্ছিক লটে ৪০ হাজার টন সার কিনতে ব্যয় হবে ২১৪ কোটি ১০ হাজার টাকা। প্রতি টনের দাম ৪৩২ দশমিক ৫০ ডলার। দ্বিতীয় ঐচ্ছিক লটে একই পরিমাণ সার কিনতে ব্যয় হবে ২১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৪৩০ দশমিক ৮৩ ডলার। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনস লিমিটেড থেকে ৪৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় লটের এ সার সিএফআর ভিত্তিতে আমদানিতে ব্যয় হবে ২৮৯ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৮৬৫ টাকা। প্রতি টনের দাম পড়বে ৫১৯ দশমিক ১৭ ডলার। দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকেও ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম লটের এ সার কিনতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার ২৫০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৪১০ দশমিক ৮৭৫ ডলার। এর মধ্যে মূল সারমূল্য ৪০৫ দশমিক ৮৭৫ ডলার এবং ব্যাগিং চার্জ ৫ ডলার। সব মিলিয়ে আটটি প্রস্তাবের আওতায় ২ লাখ ৯৫ হাজার টন সার সংগ্রহ করবে সরকার। এর মধ্যে টিএসপি ও ডিএপি সার ১ লাখ ৪০ হাজার টন এবং ইউরিয়া সার ১ লাখ ৫৫ হাজার টন। এসব সার কিনতে মোট ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!