রোহিঙ্গা প্রত্যাবাসনে ইসোয়াতিনির সমর্থন চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য আমদানি বাড়াতে ইসোয়াতিনির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একইসঙ্গে দেশটির স্বাস্থ্যখাতের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে ওষুধ আমদানির প্রস্তাব দিয়েছেন তিনি। তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ডলামিনির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন প্রতিমন্ত্রী। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের। জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ইসোয়াতিনির প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ইস্যুতে দুই দেশের অগ্রাধিকার প্রায় একই। এ সময় কপ-৩১ থেকে আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠকে পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করায় ইসোয়াতিনির সরকারের প্রশংসা করে তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশি পাট ও পাটজাত পণ্য ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে আলোচনার পাশাপাশি ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরে এসওয়াতিনিকে আরও বেশি টেকসই ও সাশ্রয়ী পোশাক আমদানির আহ্বানও জানান শামা ওবায়েদ। স্বাস্থ্যখাতে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের ওষুধশিল্প ১৫০টিরও বেশি দেশে মানসম্মত ও সাশ্রয়ী ওষুধ রপ্তানি করছে। এসওয়াতিনির স্বাস্থ্য খাতের চাহিদা পূরণে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ইসোয়াতিনির অব্যাহত সমর্থন কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠক শেষে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে পাটের কাপড়ে তৈরি একটি জ্যাকেট উপহার দেন শামা ওবায়েদ। উপহারটি পেয়ে তিনি সন্তোষ প্রকাশ এবং পাটপণ্যের প্রচারে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন।




