জামালপুরে জুলাই শহীদ স্মৃতি সেতু নির্মাণ প্রকল্পের ট্রেন্ডারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের চার উপজেলার সংযোগস্থলে ঝিনাই নদীর উপর ‘জুলাই শহীদ স্মৃতি সেতু’ অনুমোদনের পরও নির্মাণ প্রকল্পের টেন্ডার না হওয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চার উপজেলার স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকায় ঝিনাই নদীর পাড়ে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘জুলাই শহীদ স্মৃতি সেতু’ নির্মাণ প্রকল্পের দ্রুত টেন্ডারের দাবিতে অনুষ্ঠিত কর্মসূচিতে মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও জামালপুর সদর উপজেলার স্থানীয় বাসিন্দারা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মীর এসহাক হাসান ইখলাছ, আব্দুর রহিম, বখতিয়ার, ইলিয়াস প্রমুখ। এ সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের ১ম সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) মেলান্দহ উপজেলার চার উপজেলার সংযোগস্থলে চর ঘোষেরপাড়া-দক্ষিণ ঘোষেরপাড়া ভায়া দাখিল মাদ্রাসা সড়কে ঝিনাই নদীর ওপর সেতুটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। তবে অনুমোদনের পরও টেন্ডার প্রক্রিয়া দ্রুত শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
তারা বলেন, ঝিনাই নদীর ওপর সেতুটি নির্মিত হলে মেলান্দহ, মাদারগঞ্জ, জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতসহ স্থানীয় অর্থনৈতিক কর্মকা-ে গতি আসবে।




