সারাদেশ

জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় আব্দুল হক নামে চাচা নিহত হয়েছে। এ ঘটনায় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক(৪৫) সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের লক্ষীরচর মধ্যপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেদের পৈত্রিক কৃষি জমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা সালামের সাথে বিরোধ চলছিলো।  শনিবার দুপুরে সেই জমির ধান কেটে তা মাড়াই করতে যান আব্দুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা সালাম ও তার স্ত্রীসহ আরো দুই-তিনজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের উপর হামলা চালায়। হামলায় ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঢাকা পোস্টকে বলেন, ভাতিজার সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে চচা নিহত হন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!