জামালপুরে একাধিক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ ছয়টি পৃথক মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় অপহরণ, ধর্ষণ ও যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ জনকে যাবজ্জীবন কারাদ-সহ বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম পৃথক মামলাগুলোর রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, জামালপুর সদর থানার একটি মামলায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছানোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্য একটি মামলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজুল নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়। এছাড়াও বকশীগঞ্জের অপহরণ মামলায় মোখলেছ ও মমিন মিয়াকে নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই ঘটনায় নাবালক আসামি মিন্টু মিয়াকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়। অন্যদিকে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় আজিজুর রহমান নামে একজনকে দুই বছরের সশ্রম কারাদ- ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।




