জামালপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

আশিকুর রহমান মাহিম, নিজস্ব প্রতিবেদক:
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শহরের বকুলতলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জ শাহজাদী মাহমুদার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা: মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, নি:স্বার্থ সেবদানের মাধ্যমে অনেকেই বিশ^জুড়ে দৃষ্টান্ত হয়ে আছেন। নার্সগণ অনেক প্রতিকূল পরিস্থিত ও সীমাবদ্ধতার মধ্যেও সেবা দিয়ে থাকেন। অসুস্থ, মুমূর্ষু রোগীদের যথাসাধ্য সেবা প্রদানে নার্সদের আরও উদার হতে হবে।




