ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক নিয়ে কড়া জবাব দিলে যশ

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা যশ অভিনীত ‘টক্সিক’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে এর বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য। বিশেষ করে অভিনেত্রী কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে তার অভিনয় করা দৃশ্যগুলো নিয়ে নেটদুনিয়ায় বইছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে এসব বিতর্কের জবাব দিয়ে এই অভিনেতা জানিয়েছেন, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও এতে কোনো ধরনের অশালীনতা রাখা হয়নি। সম্প্রতি ‘টক্সিক’ সিনেমায় একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কথা বলেন যশ। সিনেমায় কিয়ারা ও তারা সুতারিয়ার পাশাপাশি একটি দৃশ্যে তাকে পোশাকহীন অবস্থাতেও দেখা গেছে। এসব নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা বলেন, ‘অশালীনতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, সিনেমায় আমি তো চুম্বন পর্যন্ত করিনি। সবকিছুরই একটা নির্দিষ্ট সীমা থাকে, আমরা সেটি মেনেই কাজ করেছি।’ দৃশ্যগুলোকে নান্দনিকভাবে পর্দায় ফুটিয়ে তোলার ওপর জোর দিয়ে তিনি জানান, কোনো দৃশ্যকে সুদৃশ্য ও গ্রহণযোগ্য করে তোলার দায়িত্ব মূলত নির্মাতার। সিনেমাটির ‘তাবাহি’ গানটি মুক্তির পর থেকেই কিয়ারা আদভানিকে ঘিরে নেতিবাচক মন্তব্য তৈরি হয়। বিষয়টি নিয়ে সহশিল্পী কিয়ারার পাশে দাঁড়িয়েছেন যশ। তিনি জানান, গানে দর্শকেরা কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন; পুরো সিনেমায় তার পারফরম্যান্স আরও অনেক বেশি নজর কাড়বে। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ’একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। তবে তা নিয়ে না ভেবে নিজের বিশ^াস অনুযায়ী কাজ করে যেতে হয়। শেষ পর্যন্ত মানুষ কাজেরই মূল্যায়ন করে। হয়তো আমরা সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আছি।’ নতুন প্রজন্মের দর্শকের কথা মাথায় রেখে নির্মিত ‘টক্সিক’ সিনেমাটি সবাইকে উদার মনে দেখার আহ্বান জানান যশ। একই সঙ্গে সিনেমাটির সঠিক অভিজ্ঞতা পেতে ভক্তদের প্রেক্ষাগৃহে গিয়ে তা উপভোগ করার অনুরোধ জানিয়েছেন এই কন্নড় তারকা।




