বিনোদন

বক্স অফিসে মুখোমুখি সানি দেওল-ইমরান হাশমি

ভারতে গত শুক্রবার একই দিনে মুক্তি পেয়েছে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’ এবং সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’। দেশটির স্বাধীনতা দিবসকে সামনে রেখে মুক্তি দেয় সিনেমা দুটি। তবে বলিউডের তাবড় এই দুই অভিনেতার মুখোমুখি লড়াইয়ে সানি দেওলকে পেছনে ফেলে প্রথম দিনেই বাজিমাত করেছে ইমরান হাশমির সিনেমাটি। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে ‘আওয়ারাপান টু’ আয় করেছে ২১ কোটি রুপি, যার গ্রস আয় দাঁড়িয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপি। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি সংগ্রহ করেছে আরও ২ কোটি রুপি। ফলে সব মিলিয়ে প্রথম দিনে নিতিন কক্কর পরিচালিত সিনেমাটির বিশ^ব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি। ভারতজুড়ে ৯ হাজার ৩৩টি শোতে সিনেমাটির সার্বিক আসন দখলের হার ছিল প্রায় ৪৫ শতাংশ। এদিকে, সানি দেওল অভিনীত ‘বাটোয়ারা ১৯৪৭’ প্রথম দিনে বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। প্রথম দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপি এবং গ্রস আয় ৬ কোটি ৮৪ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে সংগৃহীত ১ কোটি ৫০ লাখ রুপি যোগ করে রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমার প্রথম দিনের বিশ^ব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৩৪ লাখ রুপি। ৮ হাজার ৭২১টি শোতে সিনেমাটির আসন দখলের হার ছিল মাত্র ১৫ শতাংশের কাছাকাছি। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুেয়ল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপান টু’। এতে পুনরায় ‘শিভম পণ্ডিত’ চরিত্রে পর্দায় ফিরেছেন ইমরান হাশমি। আবেগ ও অ্যাকশনে ভরপুর এই সিনেমায় ইমরান হাশমির পাশাপাশি প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। অন্যদিকে, ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমায় দেশভাগের পটভূমিতে পাকিস্তানে পাড়ি জমানো এক মুসলিম ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, যিনি চরম বিশৃঙ্খলার মধ্যেও এক হিন্দু নারীকে (শাবানা আজমি) রক্ষার দায়িত্ব নেন। সিনেমাটির মাধ্যমে দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন অভিনেত্রী প্রীতি জিন্তা। এছাড়া এতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন বাস্তব জীবনের বাবা-ছেলে সানি দেওল ও করণ দেওল। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলী ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারি ও কনিকা কাপুর।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!