বিনোদন

আরও ভয়ংকর রূপে হাজির হলেন ডক্টর ডুম

মার্ভেল ভক্তদের জন্য বড় চমক নিয়ে হাজির হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ঝলক। ডিজনির ডি২৩ ভক্ত সম্মেলনে প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটির নতুন দুই মিনিটের ঝলক। নতুন ঝলকে রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুমকে আরও ভয়ংকর রূপে দেখা গেছে। তার সামনে এবার শুধু অ্যাভেঞ্জার্স নয়, মুখোমুখি হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর, এক্স-মেনসহ পৃথিবীর শক্তিশালী সব নায়ক। ঝলকের শুরুতে রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স ও হেইলি অ্যাটওয়েলকে দেখা যায়। এরপর ভ্যানেসা কিরবির সু স্টর্ম পৃথিবীর শক্তিশালী নায়কদের ডক্টর ডুমের ভয়ংকর হুমকি সম্পর্কে সতর্ক করেন। এরপর ধ্বংসস্তূপের মধ্যে ডক্টর ডুমের মুখোমুখি হন পেদ্রো পাসকালের রিড রিচার্ডস। অন্যদিকে ক্রিস হেমসওয়ার্থের থর ডুমকে কঠিন শাস্তি দেওয়ার হুমকি দেন। থর যখন স্টর্মব্রেকার দিয়ে ডক্টর ডুমের ওপর আঘাত করতে উদ্যত হন, তখন ডুম সেটি আটকে দেন। এরপর সবুজ শক্তির রশ্মি ছুড়ে থরকে আঘাত করেন তিনি। এখানেই শেষ নয়, ডুমের নির্দেশে একদল সেন্টিনাল সামনে হাজির হয়। এক্স-মেনের এই পরিচিত শত্রুদের নিয়ে ডুমের বিশাল বাহিনী দেখে নায়কদের বিপদ আরও স্পষ্ট হয়ে ওঠে। নতুন সিনেমাটিতে অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর, থান্ডারবোল্টস এবং আরও অনেক নায়ক একত্রিত হয়ে ডক্টর ডুমকে থামানোর চেষ্টা করবেন। রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম চরিত্রে আগমনও সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ আয়রন ম্যান চরিত্রের মৃত্যুর পর এবার নতুন চরিত্রে মার্ভেল জগতে ফিরছেন তিনি। সিনেমাটিতে ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, পল রাড, লেটিশিয়া রাইট, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডলস্টন ও সিমু লিউসহ একাধিক জনপ্রিয় তারকাকে দেখা যাবে। এ ছাড়া ফ্যান্টাস্টিক ফোর থেকে পেদ্রো পাসকাল, ভ্যানেসা কিরবি, জোসেফ কুইন ও এবন মস-বাখরাচও থাকছেন। সবচেয়ে বড় চমক হিসেবে পুরোনো এক্স-মেন তারকারাও এবার মার্ভেলের মূল মহাবিশে^ আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছেন। প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাককেলেন, জেমস মার্সডেন, কেলসি গ্রামার, রেবেকা রমিজন, অ্যালান কামিং ও চ্যানিং টাটুমকে আবারও যথাক্রমে প্রফেসর চার্লস জেভিয়ার, ম্যাগনিটো, সাইক্লপস, বিস্ট, মিস্টিক, নাইটক্রলার ও গ্যাম্বিট চরিত্রে দেখা যাবে। অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাওয়ার কথা ১৮ ডিসেম্বর।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!