ফিফা ওয়াল্ড কাপ ২০২৬

কে খেলবেন রাফিনিয়ার পজিশনে?

এডার মিলিটাওকে দিয়ে শুরু; এরপর এস্তেভাও, ওয়েসলি হয়ে রাফিনিয়া যুক্ত হলেন ব্রাজিলের ইনজুরির তালিকায়। যদিও বাকিরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও, রাফিনিয়াকে নকআউট পর্বে পাওয়ার আশা ছাড়ছে না কার্লো আনচেলত্তির দল। তবে তার অনুপস্থিতিতে ব্রাজিলের একাদশে কে ঢ়ুকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। এখনও নকআউট পর্বে খেলা নিশ্চিত না হওয়ায় ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই ম্যাচ দিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নামার কথা রয়েছে নেইমার জুনিয়রের। তবে রাফিনিয়ার স্থলাভিষিক্ত কে হবেন তা এখন বড় প্রশ্ন। এক্ষেত্রে সম্ভাব্য দুটি নাম সামনে এসেছে- রায়ান ও লুইজ হেনরিক। বার্সেলোনা এবং জাতীয় দলে রাইট উইঙ্গার হিসেবে খেলেন রাফিনিয়া। একই পজিশনে আগে পালমেইরাস এবং বর্তমানে ফরাসি ক্লাব লিঁও-তে খেলছেন এন্ডিক ফেলিপে। তবে তাকে সম্ভবত সেখানে দেখতে চান না আনচেলত্তি। তিনি বরং নম্বর নাইনে এন্ড্রিককে ব্যবহার করতে পছন্দ করেন। আর তেমনটা হলে সাইডলাইনের কাছে দেখা যাবে না ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। ফলে নিচ থেকে বল নিয়ে ওঠা কিংবা রক্ষণে ভূমিকা রাখার বাধ্যবাধকতা নেই তার, বরং গোলের কাছাকাছি থেকে ফিনিশিংই এন্ড্রিকের প্রধান কাজ হয়ে ওঠে। হাইতি ম্যাচে রাইট উইংয়ে রায়ানকে ব্যবহার করেছিলেন আনচেলত্তি। তা নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘আমি রায়ানকে খেলিয়েছি, কারণ এখানে ভালো যোগ্যতা রয়েছে, রাফিনিয়ার চেয়ে ভিন্ন প্রোফাইল তার। শুরুর একাদশ বা ওই পজিশনে কাউকে বিবেচনার জন্য এসব ছোটখাটো বিষয়ও ভূমিকা রাখে। সেক্ষেত্রে আমি রায়ানকে বেছে নেব।’ গত সপ্তাহের অনুশীলনে ইতালিয়ান এই কোচ ভিন্ন আক্রমণাত্মক ফরম্যাটের পরীক্ষা চালিয়েছেন। যেখানে বিকল্প হিসেবে রায়ান এবং লুইজ হেনরিককে রাইট উইংয়ে ব্যবহার করেন তিনি। এন্ড্রিককে খেলানো হয় ভেতরের দিকে। তবে নেইমারের প্রত্যাবর্তন বাড়তি অপশন যোগ করবে আনচেলত্তির হাতে। মাংসপেশির চোট সেরে তিনি স্কটল্যান্ড ম্যাচে ফিরবেন বলে জানিয়েছেন ব্রাজিল কোচ। আসন্ন ম্যাচের আগে রাফিনিয়ার বদলি নামানোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আনচেলত্তি। এ ছাড়া এখনও থেকে যাওয়া দুর্বলতা কাটিয়ে ওঠা নিয়েও তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!