কেন্ট হারলেও জোড়া উইকেট পেলেন হাসান

টি-টোয়েন্টি ব্লাস্টে আবারও বল হাতে নিজের কারিশমা দেখিয়েছেন হাসান মাহমুদ। কেন্টের জার্সিতে জোড়া উইকেট তুলেছেন হাসান। যদিও এবারও জেতেনি তার দল কেন্ট। জয়ের স্বাদ না পেয়েই তাই এবারের মত টি-টোয়েন্টি ব্লাস্ট শেষ করতে হলো হাসান মাহমুদকে। মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচে ১৪ রানে হেরেছে হাসানের দল কেন্ট। এদিন টসে জিতে আগে মিডলসেক্সকে ব্যাটিংয়ে পাঠায় কেন্ট। বোলিংয়ে নেমে কেন্টকে প্রথম উইকেট এনে দেন হাসান মাহমুদ, নিজের প্রথম ওভারেই। জশুয়া ডি কেয়ার্সকে সাজঘরে ফেরান হাসান, ৮ বলে ৫ রান করে বিদায় নেন জশুয়া। মাঝে রান তুলেছে মিডলসেক্স। ইনিংসের শেষ দিকে আবারও আঘাত হানেন হাসান। ২১ বলে ৩২ রান করা বেন গেডেসকে ফিরিয়ে দেন তিনি। ৪ ওভারে ২ উইকেট তুলে ৩৩ রান খরচ করেছেন হাসান মাহমুদ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৭২ রানের সংগ্রহ দাঁড় করায় মিডলসেক্স। কেন্টের হয়ে হাসান মাহমুদ এবং জ্যাক লিনট ২টি করে উইকেট শিকার করেছেন। ১টি করে উইকেট নেন জেডন ডেনলি এবং একাশ সিং। জবাব দিতে নামা কেন্ট খুব একটা সুবিধা করতে পারেনি। ওপেনার ড্যানিয়েল বেল-ড্রুমন্ডের ৩৪ বলে ৪৭ রান ছাড়া আর কেউ সেভাবে লড়তে পারেননি। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করে থেমেছে কেন্ট। হাসানের ব্যাটিংয়ে নামাও হয়নি। ১৪ রানে ম্যাচ জিতেছে মিডলসেক্স। সাউথ গ্রুপে ৪র্থ হয়ে কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে গেছে হাসান মাহমুদের দল কেন্ট। ৩ ম্যাচে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট শেষ করলেন হাসান।




