বিনোদন

কৃতি শ্যাননের বিয়ে নিয়ে যা জানা গেলো

কানাডার ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর বোনের স্বামী ও জনপ্রিয় গায়ক স্টেবিন বেন। চলতি বছরেই কৃতির ছোট বোন নূপুর শ্যানন বিয়ে করেছেন। ছোট বোনের বিয়ের পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন জাগছে, কৃতি কবে বিয়ের পিঁড়িতে বসছেন? জীবনসঙ্গী যখন চূড়ান্ত, তখন বিয়েতে আর দেরি কেন-এমন প্রশ্নই এখন অনুরাগী মহলে। এ নিয়ে কথা বলেছেন স্টেবিন। তার কথায়, কৃতি কবে বিয়ে করবেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তার রয়েছে। তার দুলাভাই আরও জানান, ছোট বোনের বিয়ে হয়ে যাওয়ায় অনেকেই চান বড় বোনও দ্রুত বিয়ে করে ফেলুক। কিন্তু তিনি কৃতির সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করেন না। বরং যারা কৃতিকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন, তাদের বোঝানোর চেষ্টা করেন। কৃতি এখন ক্যারিয়ারে একটার পর একটা ভালো কাজ করছেন। অভিনেত্রীর এই স্বজন স্পষ্ট বলেন, একটি ছোট শহর থেকে এসে নিজের চেষ্টায় বলিউডে জায়গা তৈরি করা সহজ কথা নয়। কৃতির যখন মনে হবে বিয়ের সঠিক সময় এসেছে, তখনই তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সবাইকে তাকে সেই সময় ও সুযোগ দিতে হবে। কৃতি যখন মনে করবেন যে তিনি মনের মতো মানুষকে খুঁজে পেয়েছেন এবং বিয়ে নিয়ে নিশ্চিত, তখনই পরবর্তী পদক্ষেপ নেবেন। ২০২৪ সাল থেকে ব্যবসায়ী কবির বহিয়ার সঙ্গে কৃতির সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তারা কখনোই আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেননি। তবে বিভিন্ন উৎসব ও অবকাশ যাপনে প্রায়ই তাদের একসঙ্গে দেখা গেছে। সামনেই কৃতির জন্মদিন। ভক্তদের ধারণা, বিশেষ এই দিনে নিজের সম্পর্ক বা বিয়ে নিয়ে কোনো বিশেষ ঘোষণা দিতে পারেন এই বলিউড অভিনেত্রী। বর্তমানে কৃতি শ্যানন তার ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল টু’। হোমি আদাজানিয়া পরিচালিত এই রোমান্টিক-কমেডি সিনেমায় শহীদ কাপুর ও রাশমিকা মান্দানার পাশাপাশি কৃতির ‘অ্যালি’ চরিত্রটি দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!