আইটি

এবার ফেসবুক ফিডে পছন্দমতো কনটেন্ট সাজাতে পাবেন নিজেই

সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই একই ধরনের পোস্ট, ভিডিও কিংবা রিলস দেখতে দেখতে বিরক্ত হয়ে যান? অনেক সময় নিজের আগ্রহের বাইরের বিষয়ও বারবার সামনে চলে আসে। পছন্দ না হলেও সেগুলো স্ক্রল করে সরিয়ে দেওয়া ছাড়া বিশেষ কিছু করার থাকে না। তবে এবার এই অভিজ্ঞতা বদলাতে উদ্যোগী হয়েছে মেটা। ফেসবুক ব্যবহারকারীদের নিউজফিডে কী ধরনের কনটেন্ট দেখানো হবে, তা নিয়ন্ত্রণের সুযোগ দিতে আসছে নতুন ফিচার।

নিজের পছন্দেই সাজবে ফেসবুক ফিড
ফেসবুকের মালিক সংস্থা মেটা ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও নিয়ন্ত্রণযোগ্য করতে ‘ইওর অ্যালগরিদম’ নামে নতুন একটি ফিচার চালু করার পরিকল্পনা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি জানাতে পারবেন, কোন ধরনের পোস্ট, ভিডিও বা বিষয় তাদের বেশি পছন্দ। একই সঙ্গে কোন বিষয়গুলো তারা আর দেখতে চান না, সেটিও নির্দিষ্ট করে দিতে পারবেন।

এতদিন ফেসবুকের অ্যালগরিদম ব্যবহারকারীদের কার্যকলাপ, পছন্দ, লাইক, কমেন্ট এবং দেখার অভ্যাসের ভিত্তিতে নিউজফিডে বিভিন্ন কনটেন্ট দেখাত। কিন্তু নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরাও নিজেদের পছন্দ-অপছন্দ স্পষ্টভাবে জানিয়ে ফিড সাজানোর সুযোগ পাবেন।

থাকছে পছন্দ ও অপছন্দের আলাদা তালিকা
নতুন ফিচারে মূলত দুটি বিভাগ থাকবে। একটি ‘ইন্টারেস্টেড ইন’, অন্যটি ‘নট ইন্টারেস্টেড ইন’। প্রথম বিভাগে ব্যবহারকারীরা তাদের পছন্দের বিষয়গুলো যুক্ত করতে পারবেন। যেমন কেউ প্রযুক্তি, খেলাধুলা, রান্না কিংবা ভ্রমণসংক্রান্ত ভিডিও বেশি দেখতে চাইলে সেই বিষয়গুলো তালিকায় রাখতে পারবেন।

অন্যদিকে, যে ধরনের পোস্ট বা ভিডিও দেখতে আগ্রহী নন, সেগুলো দ্বিতীয় তালিকায় যুক্ত করা যাবে। ফলে ফেসবুকের অ্যালগরিদম ব্যবহারকারীর দেওয়া নির্দেশনা অনুযায়ী নিউজফিডে কনটেন্ট সাজানোর চেষ্টা করবে।

ইচ্ছামতো বদলানো যাবে পছন্দের তালিকা
এই ফিচারের আরেকটি সুবিধা হলো, একবার পছন্দ-অপছন্দের তালিকা তৈরি করলেই সেটি স্থায়ী হয়ে যাবে না। ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় তালিকায় পরিবর্তন আনতে পারবেন। আগে যে বিষয়গুলো দেখতে ভালো লাগত, পরে সেগুলো একঘেয়ে মনে হলে বাদ দেওয়া যাবে। আবার নতুন কোনো বিষয়ে আগ্রহ তৈরি হলে সেটিও তালিকায় যোগ করা সম্ভব হবে।

ফেসবুক ফিডের পাশাপাশি রিলসেও মিলবে সুবিধা
প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘ইওর অ্যালগরিদম’ ফিচারটি শুধু ফেসবুকের সাধারণ নিউজফিডে সীমাবদ্ধ থাকবে না। রিলসের ক্ষেত্রেও এটি কাজ করবে। অর্থাৎ ব্যবহারকারীরা শুধু পোস্ট নয়, তাদের পছন্দ অনুযায়ী ছোট ভিডিও দেখার অভিজ্ঞতাও নিয়ন্ত্রণ করতে পারবেন।

ফেসবুকে কনটেন্ট দেখানোর ক্ষেত্রে ব্যবহারকারীদের মতামতকে আরও বেশি গুরুত্ব দেওয়াই মেটার এই উদ্যোগের লক্ষ্য। তবে ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা কতটা কার্যকরভাবে নিজেদের নিউজফিড নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!