বিনোদন

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

বিয়ে ও পারিবারিক জটিলতা ও হাস্যরসের নতুন এক গল্প পর্দায় তুলে ধরতে যাচ্ছেন তারকা অভিনেত্রী সাদিয়া আয়মান। যে গল্পটি থাকছে ‘বিবাহ বিভ্রাট’ নামে একক নাটকে। কাহিনি রচনার পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। এ নাটকে সাদিয়া আয়মানের বিপরীতে আরও একবার দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদকে। এর আগে তারা ‘প্রিয় পরিবার’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘বর্ষা ও বাদলের সংসার’, ‘পুনরাবৃত্তি’, ‘আলোর জোনাকি’, ‘সে থাকে আড়ালে’, ‘হোপ’, ‘ভালোবাসার মেঘ বৃষ্টি’, ‘বিষণ্ণ মেঘ’, ‘পাথরে লেখা নাম’, ‘যেন তোমারই জন্য’, ‘কালো বরফ’, ‘কিস্তিতে প্রেম’সহ আরও বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছিলেন। তার ধারাবাহিকতায় ভিন্নরকম গল্প নিয়ে নির্মিত এই জুটির ‘বিবাহ বিভ্রাট’ নাটকটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতারা। নাটকে ইরফান-সাদিয়া জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, বাপ্পি বাসার, শশী আফরোজা, সাজ্জাদ চৌধুরী, সায়রা প্রমুখ। শিগগিরই নাটকটি ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অভিনেত্রী সাদিয়া আয়মানের কথায়, এর আগে যে নাটকগুলোয় অভিনয় করেছেন, সেগুলো থেকে ‘বিবাহ বিভ্রাট’ নাটকের কাহিনি ও চরিত্র কিছুটা ভিন্নরকম। নাটকটি দর্শকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এদিকে নাটকের পাশাপাশি সাদিয়া আয়মান সম্প্রতি দর্শক প্রশংসা কুড়িয়েছেন ‘আরও কিছুক্ষণ’ নামে স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করে। রুবায়েত মাহমুদ পরিচালিত এই সিনেমায় সাদিয়ার বিপরীতে ছিলেন তরুণ অভিনেতা শাফিন আহমেদ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!