বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন ন্যান্সি

সম্পর্কের টানাপোড়েন মানেই সবকিছুর ইতি নয়। অন্তত নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে এমনটাই বোঝাতে চাইলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা থাকলেও তাদের বিবাহবিচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাস ঘিরে তৈরি হওয়া নানা আলোচনার পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই সংগীতশিল্পী। ফেসবুকে ন্যান্সি লেখেন, ‘মেহেদি এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’ তার এই স্ট্যাটাসের পরই দুজনের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। পরে স্ট্যাটাসটি সরিয়ে নেন ন্যানসি। একইসঙ্গে, নিজের ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেন তিনি। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ন্যানসি। ফেসবুক থেকে স্ট্যাটাস সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, অবশ্যই তার কারণ রয়েছে।’ ন্যানসি জানান, স্ট্যাটাসে ‘আলাদা’ হওয়ার কথা লিখলেও সেটিকে বিচ্ছেদ হিসেবে তুলে ধরা হবে, তা তিনি ভাবেননি। তার ভাষায়, “আমি ফেসবুক স্ট্যাটাসে ‘আমাদের আলাদা’ হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছি। যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।” ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার কারণও জানিয়ে ন্যানসি বলেন, ‘স্ট্যাটাস মুছে ফেলার পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য করা হচ্ছিল। এ কারণে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেছি।’ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বামীর সঙ্গে আলাদা থাকলেও তাদের মধ্যে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি বলে স্পষ্ট করেছেন ন্যানসি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদি) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’ প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টের শেষ দিকে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ন্যানসি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি ন্যানসির তৃতীয় বিয়ে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা না বললেও এবার নিজের ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চেয়েছেন ন্যানসি। তার বক্তব্যে স্পষ্ট, আপাতত দুজনের পথ আলাদা হলেও সেটিকে চূড়ান্ত বিচ্ছেদ হিসেবে দেখার সুযোগ নেই।




