জাতীয়

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বর্ধিত স্বাস্থ্য বাজেটের অর্থ ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানোকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বেসরকারি গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। তবে সংস্থাটি বলেছে, বাড়তি এই বরাদ্দ জনস্বাস্থ্যের সবচেয়ে জরুরি খাতগুলোতে ব্যয় নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজ্ঞা জানায়, দীর্ঘদিন ধরে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতের অংশ প্রায় ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার প্রথমবারের মতো তা ৭ দশমিক ৪ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১ দশমিক ১ শতাংশে উন্নীত হওয়ার প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ০ দশমিক ৫৮ শতাংশ। প্রজ্ঞার তথ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই বিভিন্ন অসংক্রামক রোগের কারণে ঘটে। অথচ এ খাতে বরাদ্দ দেওয়া হয় মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে উচ্চ রক্তচাপ প্রথম স্থানে রয়েছে। সংস্থাটি জানায়, উচ্চ রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের প্রতিবেদনের তথ্য তুলে ধরে তারা বলেছে, ২০২৪ সালে বাংলাদেশে হৃদরোগজনিত কারণে ২ লাখ ৮৩ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে, যার ৫২ শতাংশের জন্য উচ্চ রক্তচাপ দায়ী। বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণায় দেখা গেছে উচ্চ রক্তচাপ পরীক্ষা ও চিকিৎসায় ১ টাকা বিনিয়োগ করলে সামগ্রিকভাবে ১৮ টাকার সুফল পাওয়া যায়। কিন্তু পর্যাপ্ত বরাদ্দের অভাবে দেশের সব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপের ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, বর্ধিত স্বাস্থ্য বাজেটের উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ মোকাবিলায় বিনিয়োগ করা হলে, বিশেষ করে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা গেলে, অসংক্রামক রোগের প্রকোপ অনেকাংশেই কমানো সম্ভব।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!