সরকারের মেয়াদ দুই মাস হয়নি, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: বিমান প্রতিমন্ত্রী

আশিকুর রহমান মাহিম, নিজস্ব প্রতিবেদক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, আমাদের সরকারের মেয়াদ এখনো দুই মাস হয়নি, কিন্তু ইতিমধ্যেই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। আজ প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরন উদ্বোধন করলেন, পর্যায়ক্রমে দেশের প্রায় আড়াই কোটি কৃষকের মধ্যে এই কার্ড বিতরন করা হবে। মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ঈদগা মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী আরো বলেন, ইতিমধ্যে ৩৮ হাজার পরিবারকে ফ্যামেলি কার্ড, আজ ২২ হাজার কৃষককে কার্ড দেয়া হচ্ছে, ইমাম, মুয়াজ্জিনদের মাজে কার্ড ও চেক বিতরন করা হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটা যে প্রকল্প ছিলো, সারাদেশে ২২ হাজার কিলোমিটার খালকাটার প্রতিশ্রুতি ছিলো সেটাও শুরু করা হয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাই মিলে কাজ করছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর আগের অবস্থানে থাকবে না, কৃষক থেকে শুরু করে ধনাঢ্য মানুষ সবাই সুখে শান্তিতে সমৃদ্ধ অবস্থানে থাকবে। প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, খাল খননের কথা বলেছি, তখন আমাদের যারা বিরোধীতা করেছে, তারা বলেছিলো এ এসব নিতে টাকা লাগবে, কিন্তু আজ দেখেন মধ্যসত্যভোগী ছাড়াই উপকার ভোগীদের কাছে টাকা চলে যাচ্ছে। আমাদের সরকারের স্বচ্ছতা আনয়ন, দুর্নীতিদমন, দুর্নীতির বাইরে এসে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, সেটার প্রতিফলন দেশের মানুষ দেখতে পাচ্ছে।
মঙ্গলবার সকাল ১১টায় অতিথিরা আসন গ্রহনের পর ভাচ্যুয়ালি কৃষক কার্ড বিতরণের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কৃষি কার্ড বিতরণী অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ, ই সুলতান মাহমুদ বাবু, অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, মো: মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।
আলোচনা সভা শেষে ইসলামপুর উপজেলার ১১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও ৪৬০টি বিভিন্ন ফলজ বৃক্ষের চারা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।




