জাতীয়প্রধান খবর

বছরজুড়ে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ভারপ্রাপ্ত সিইসি

ঈদের পর থেকেই শুরু

আসন্ন ঈদুল ফিতরের পর থেকেই ধাপে ধাপে সারা বছরজুড়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান মাছউদ। তিনি বলেন, সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনের বাইরে কমিশনের সামনে অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, তাই পুরো বছরই নির্বাচনী কর্মকা- চলবে। গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, আরএফইডি, এর বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনার দিকগুলো তুলে ধরেন তিনি। মো. আবদুর রহমান মাছউদ বলেন, “নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও আমাদের অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঈদের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি শুরু করা হবে এবং সারা বছর ধরে ধাপে ধাপে এসব নির্বাচন চলবে।” স্থানীয় সরকার নির্বাচন দলীয় না নির্দলীয় প্রতীকে হবে, এ প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত অপেক্ষা করছে কমিশন। আইন অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেই কমিশনের অঙ্গীকার রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে ভারপ্রাপ্ত সিইসি বলেন, নির্বাচন কমিশনের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। তার ভাষায়, “সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে সাংবাদিকরা তার সমালোচনা করেন এবং কীভাবে আরও ভালো করা যায়, সেই পরামর্শও তুলে ধরেন।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচন ভালো হয়েছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে উন্নতির সুযোগ সবসময়ই থাকে। সামনে আরও উন্নত নির্বাচন উপহার দিতে কমিশন কাজ করে যাবে বলেও জানান তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!