খেলাধুলা

ফাইনালে কিউইদের সঙ্গী হলো ভারত

গত আসরের সেমিফাইনালের পুনরাবৃত্তি হলো এবারও। ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পা রাখলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শুরুর ধাক্কায় জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে ভারতের বুকে কাঁপুন ধরিয়ে দেওয়ার পরও জিততে পারেনি ইংল্যান্ড। ২৫৪ রানের জবাবে পুরো ২০ ওভার ব্যাটিং করে ২৪৬ রান করে ব্রুকের দল। মুম্বাইয়ের মাঠে বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ১৩ রানে হারায় প্রথম উইকেট। ৫ রান করে আউট হন ওপেনার ফিল সল্ট। মাত্র ৭ রান করে ফেরেন অধিনায়ক হ্যারি ব্রুকও। ফলে ৩৮ রানে ২ উইকেট হারায় ইংলিশরা। জশ বাটলার ২৫ ও টম ব্যান্টন ১৭ রান করে ফিরলে ১০০ রানের আগেই ৪ উইকেট হারালে বাড়ে বিপদ। তবে সেখান থেকে ইংলিশরা ম্যাচে ফেরে জ্যাকব বেথেল ও উইল জ্যাকসের জুটিতে। ৭৭ রানের জুটি গড়ার পর জ্যাকস ৩৫ রানে আউট হলে ১৭২ রানে পঞ্চম উইকেট হারায় ব্রুকের দল। তখনও জেতার জন্য ৮২ রানের প্রয়োজন ছিল ৩৬ বলে। শতরানের আগে ৪ উইকেট হারিয়ে ফেলার ধাক্কাটা সামাল দেওয়ার জন্য বেথেলের ৪৫ বলের সেঞ্চুরিও যথেষ্ট ছিল না। স্বাগতিক ভারতের গ্যালারি ও ডাগআউটেও কাঁপুনি ধরিয়ে দিয়েও শেষ পর্যন্ত জেতাতে পারলেন না দলকে। শেষ ওভারে জয়ের জন্য ৩০ রান দরকার ছিল ইংল্যান্ডের। প্রথম বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন তিনি। ৮ চার ও ৭ ছক্কায় ৪৮ বলে ১০৫ রান করে তার বিদায়ে শেষ হয়ে যায় সব আশা। বাকি ৫ বলে জোফরা আর্চার ৩ ছক্কা হাঁকালেও শেষ পর্যন্ত ৭ রানের পরাজয়ে বিদায় নিশ্চিত হয় ইংল্যান্ডের। ৭ উইকেটে ২৪৬ পর্যন্ত করতে সক্ষম হয় ইংলিশরা। ফলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শিরোপা ধরে রাখার চূড়ান্ত লড়াইয়ে আগামীকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!