জাতীয়প্রধান খবর

ডিজিটাল বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক তথ্য কমপ্লেক্স শুধু তথ্যসেবা নয়, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ডিজিটাল বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করা হবে। গতকাল রোববার সকালে বরিশাল নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স শুধু তথ্যসেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার সুযোগও থাকবে। প্রতিদিন চারটি করে সিনেমা প্রদর্শনের ব্যবস্থা থাকবে। দর্শকেরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে টিকিট কেটে সিনেমা দেখার সুযোগ পাবেন। তিনি বলেন, ‘এই ধরনের নানান রকম বহুমুখী তথ্যসেবা, বিনোদনসেবা, জ্ঞান আহরণের সেবা ও গবেষণার সেবা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি।’ তথ্য কমপ্লেক্সের কার্যক্রম দ্রুত সেবামুখী ও দক্ষ করে তুলতে সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে এটি ব্যবহারের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, এই কাজটাকে খুব দ্রুত একটা সেবা দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে যারা ব্যবহার করতে পারেন, তারা হচ্ছেন সাংবাদিকরা। এখানে প্রেসক্লাব আছে, ডিআরইউ আছে, অন্যান্য সাংবাদিক সংগঠন আছে। আপনারা সাংবাদিকতা করেন, আপনারা কিন্তু সহজেই তথ্য কমপ্লেক্সে আপনাদের তথ্য সংগ্রহ এবং তথ্য প্রচারের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করতে পারেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা, জ্যেষ্ঠ সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!