ত্রয়োদশ সংসদ নির্বাচনপ্রধান খবররাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেবে: জুবাইদা রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা নিশ্চিত করে সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। একইসঙ্গে দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বুধবার বিকালে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার নিশ্চিত করতে চাই। এমন একটি দেশ উপহার দিতে চাই, যেখানে নেতার আগে জনতা। এ লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের নানা ক্ষেত্রে বর্তমানে অনেক সমস্যা রয়েছে। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে ধানের প্রতীকের প্রধান নির্বাচনি সমন্বয়ক আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ দলের অন্যান্য নেতারা। এ সময় জানানো হয়, আজ শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে। এতে সব শ্রেণি-পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে দলের রূপরেখা তুলে ধরা হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!