অর্থনীতিজাতীয়

বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমআইটিআই) মন্ত্রী জোহরি আব্দুল গনির সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবারের এ বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর কেন্দ্রবিন্দুতে ছিল দ্বিপক্ষীয় ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি, মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর সম্ভাবনা, যৌথ ব্যবসা কাউন্সিল গঠন চূড়ান্তকরণ এবং বিনিয়োগ-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই প্রক্রিয়া সম্পন্ন করা। পাশাপাশি হালাল বাণিজ্য সম্প্রসারণ ও রাবার খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এছাড়া, বৈঠকে বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগ বৃদ্ধির সুযোগ, শ্রমঘন শিল্প ও কারখানা বাংলাদেশে স্থানান্তরের সম্ভাবনা এবং মালয়েশিয়ার শিল্পে ব্যবহারের জন্য বাংলাদেশের প্রক্রিয়াজাত পাট রপ্তানির সুযোগ নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। বৈঠকে এমআইটিআইয়ের সেক্রেটারি জেনারেল হাইটিল ইয়াহরি ইয়াকুব, ডেপুটি সেক্রেটারি জেনারেল মাসতুরা আহমাদ মোস্তাক, সিনিয়র ডিরেক্টর রাশিদি সাইদ, সিনিয়র প্রাইভেট সেক্রেটারি মোহাম্মদ নাজিব আব্দুল্লাহ, প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আহমাদ আলসারাফ আহমাদ মোক্তার ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিতি নূর আশিকিন মাত তাকির এবং মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের (ম্যাট্রেড) ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার এস জয় শংকর, বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা ও ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উচ্চপর্যায়ের আলোচনা মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে এবং ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতায় ইতিবাচক অগ্রগতি বয়ে আনবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!