সারাদেশভিডিও

পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় প্রাণ গেলো বাবা-ছেলের, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে চেকপোস্টে পুলিশ পরিবহন থামানোর চেষ্টাকে কেন্দ্র করে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে শেরপুর ব্রিজ এলাকায় দক্ষিণ পাশে সড়কে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুরের কেন্দুয়ার চর এলাকার মৃত আইয়ুম আলীর ছেলে দেলোয়ার হোসেন (৫৫) ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে জামালপুর-শেরপুর ব্রিজ এলাকায় চেকপোস্টে গাড়ি থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র চেক করছিলেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। ওই সময় শেরপুরগামী একটি ট্রাককে থামাতে ইশারা করলে চালক ট্রাকটি না থামিয়ে দ্রুতগতিতে সেখান থেকে চলে যায়। এ সময় পুলিশ চেকপোস্টে পূর্ব থেকে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন ও তার ছেলে প্রাণ হারান।

এ সময় ওই মোটরসাইকেলে থাকা পাঁচ বছর বয়সী শিশু আবার গুরুতর আহত হয়। পরে শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর স্থানীয়রা পুলিশ সদস্যদের উপর ক্ষুব্ধ হয় এবং সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এ সময় তারা পুলিশের বিরুদ্ধে ঘাতক ট্রাকটিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ করেন।

জামালপুর ফায়ার সার্ভিস সিনিযর স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম জানান, ঘটনা জানার পর আমরা ঘটনাস্থলে আসি এবং নিহতদের মরদেহ গুলো উদ্ধার করি।

তবে এ ব্যাপারে পুলিশ গণমাধ্যমে বক্তব্য দিতে রাজি হয়নি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!