সারাদেশ
জামালপুরে ১৩শ’ বোতল ভারতীয় মদসহ ৩ জন আটক

আশিকুর রহমান মাহিম:
জামালপুরে ১ হাজার ৩০১ বোতল ভারতীয় মদসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে জামালপুর র্যাব-১৪। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। শুক্রবার রাতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে এসব মাদক আটক করে র্যাব।
শনিবার দুপুরে জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পনী কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শেরপুরের মোকসেদপুর হতে ভারতীয় মদ নিয়ে একটি ট্রাক জামালপুরের দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে ট্রাকে পরিবহনকৃত ৫০টি পাটের বস্তায় ১ হাজার ৩০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, নগদ টাকা এবং ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মদ ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি টাকার উপরে। এ সময় মাদক পরিবহনে জড়িত মিনাল মিয়া, রিয়াদ হাসেন ও নুরুল ইসলাম নামে ৩ জনকে আটক করা হয়। আটক আসামীদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি এলাকায়। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




