আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২ তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এ দাবি করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম। তাসনিমের প্রতিবেদনে শাহরাম ইরানিকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল। এ ছাড়া শাহরাম ইরানি দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে জাহাজের মালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে ট্যাংকার দুটি ঠিক কখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিয়ে গিয়েছিল এবং কখন ইরান সেগুলো উদ্ধার করেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইরানের এসব অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। এদিকে কুয়েতে ড্রোন হামলার ঘটনায় ইরানের জড়িত থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে ঘটনার প্রকৃত উৎস ও দায়ীদের শনাক্ত করতে কুয়েত ও ইতালির সরকারের সঙ্গে যৌথ তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে তেহরান। গত বৃহস্পতিবার বিকেলে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন আরাগচি। এ সময় তিনি কুয়েতে ড্রোন হামলা চালানোর অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সূত্র: আল-জাজিরা

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!