অস্ট্রেলিয়ার সাথে দাপুটে জয় পেলো ইংল্যান্ড

ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল সফরকারীরা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তবে দলীয় ১৭ রানেই তিনি আউট হয়ে যান। এরপর বেশিদূর এগোতে পারেননি স্যাম হার্পার, টিম ডেভিডরাও। জ্যাক ফ্রেজার ২৭ রানের ক্যামিও খেললেও তা যথেষ্ট ছিল না। এরপর মিডল অর্ডারে দলের হাল ধরেন আগের ম্যাচের সেরা খেলোয়াড় নিখিল চৌধুরী। ৩৫ বলে ৪৫ রান করে তিনি অজিদের ম্যাচে ফেরান। এরপর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত জোয়েল ডেভিসের ৩৯ এবং বেনের অপরাজিত ১৮ রানের কল্যানে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৪ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালায় দুই ওপেনার ফিল সল্ট এবং ডোনাল্ড। ৫ ওভারের ভেতরেই স্কোরবোর্ডে ৫০ রান তুলে ফেলা ইংলিশরা অস্টম ওভারেই পেয়ে যায় দলীয় সেঞ্চুরির দেখা। দুই ওপেনারই ফিফটি তুলে নেন। ডেভিসের এক ওভার থেকেই ইংলিশরা নেন ৩১ রান। এছাড়া নিখিলও মাত্র ১ ওভারেই ২৬ রান খরচ করেন। শেষ পর্যন্ত দলীয় ১৫১ রানে প্রথম সাফল্য পায় অজিরা। ব্যক্তিগত ৮৫ রানে আউট হয়ে যান ডোনাল্ড। তবে মাত্র ৩২ বলে ৯টি ছক্কা এবং ৪টি চারে এই ঝোড়ো ইনিংস খেলে ততক্ষণে তিনি অজিদের ম্যাচ থেকেই ছিটকে ফেলে দিয়েছিলেন। শেষ দিকে ৫টি চার এবং ৪টি ছক্কায় ৩০ বলে ৫৮ রান করে ফিল সল্ট আউট হয়ে গেলেও তাতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি ইংলিশদের। বরং, ৪১ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে হ্যারি ব্রুকের ইংল্যান্ড। এই জয়ে সিরিজেও ১-১ সমতায় ফিরেছে সফরকারীরা।




