মানহানির মামলা করলেন তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন। তিনি জানান, গত ৪ নভেম্বর আদালতে মামলাটি করা হয়েছে। বর্তমানে তদন্তের জন্য মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে। এদিকে এ বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে জানিয়ে তিনি বলেন, এ প্রসঙ্গে যা বলার, তা তাঁর আইনজীবীই বলবেন। জানা গেছে, মামলায় সানায়্যা আনাম ওয়াফিকাহকে এক নম্বর আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি করা হয়েছে ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরাকে। অভিযোগে বলা হয়েছে, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা। এর পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী।




