বিনোদন

চরিত্রের প্রয়োজনে ২০ কেজি ওজন কমালেন নিশো

দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন খুব অল্প সময়েই। ‘সুরঙ্গ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর প্রথম কাজেই বাজিমাত করেন তিনি। এরপর ‘দাগী’ সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়ান এই অভিনেতা। এবার ঈদে মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘দম’ নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। মুক্তির পর থেকেই সিনেমাটি প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলছে। বিশেষ করে এই সিনেমায় নিজের চরিত্রের জন্য নিশোর শারীরিক ও মানসিক রূপান্তর আলোচনার কেন্দ্রে এসেছে। ‘দম’ সিনেমায় নিশোকে দেখা যায় শাহজাহান নূর চরিত্রে। এই চরিত্রে অভিনয়ের জন্য তাকে ৯৬ কেজি থেকে ওজন কমিয়ে আনতে হয়েছে ৭৫ কেজিতে-যা নিঃসন্দেহে ছিল বড় এক চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে নিশো বলেন, “শাহজাহান নূর আমার জন্য শুধু একটা চরিত্র ছিল না, এটি ছিল এক ধরনের জার্নি। নিজেকে ভাঙার, আবার নতুন করে গড়ার। এই চরিত্রের জন্য আমাকে মানসিক ও শারীরিকভাবে অনেকটা ঝুঁকি নিতে হয়েছে। আগে আমার ওজন ছিল প্রায় ৮৪ কেজি, পরে একসময় ৯৬-এও গিয়েছিল। ‘দম’-এর জন্য যখন পরিচালক বললেন ৭৫-এ নামাতে হবে, তখন বুঝেছিলাম সহজ হবে না। তারপরও মনে হয়েছে, গল্পটা ঠিকভাবে বলতে চাইলে এই পরিবর্তনের ভেতর দিয়েই যেতে হবে।” তিনি বলেন, “ওজন কমানোটা শুধু সংখ্যা কমানো না, এটি ছিল প্রতিদিন নিজের সঙ্গে লড়াই। ডায়েট কন্ট্রোল, নিয়মিত ওয়ার্কআউট, অনেক কিছু থেকে নিজেকে দূরে রাখা-সব মিলিয়ে কঠিন এক সময় পার করতে হয়েছে। অনেক সময় ক্লান্ত লাগত, কিন্তু মনে হতো এই কষ্টটাই তো চরিত্রটার অংশ। মানসিক দিক থেকেও নিজেকে প্রস্তুত করতে হয়েছে। শাহজাহান এমন একজন মানুষ, যিনি প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে বাঁচেন। সেই ভয়, সেই চাপ নিজের মধ্যে আনার চেষ্টা করেছি।” রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় নিশোর সঙ্গে অভিনয় করেছেন পূজা চেরী ও চঞ্চল চৌধুরী। মুক্তির পর থেকেই সিনেমাটির প্রায় প্রতিটি শো হাউসফুল যাচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে ছবিটি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ শুরু থেকেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে ছিল। ছবিটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!