৩৬ বছর পর ‘হোম অ্যালোন’-এ ফিরছেন ম্যাকলে কালকিন, নতুন গল্পে বদলে যাচ্ছে কেভিন

নব্বইয়ের দশকের জনপ্রিয় সিনেমা ‘হোম অ্যালোন’-এর কেভিন ম্যাকক্যালিস্টার চরিত্রে আবারও ফিরতে যাচ্ছেন অভিনেতা ম্যাকলে কালকিন। প্রথম সিনেমা মুক্তির ৩৬ বছর পর ফ্র্যাঞ্চাইজিটির নতুন কিস্তিতে অভিনয় করতে পারেন তিনি। নতুন সিনেমাটি নিয়ে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। তবে ডিজনি এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
নতুন সিনেমার গল্পে শৈশবে বাড়িতে একা পড়ে চোরদের মোকাবিলা করা কেভিনকে দেখা যাবে একজন পরিণত বাবা হিসেবে। এবার গল্পের পরিস্থিতি হতে পারে মূল সিনেমার ঠিক উল্টো, যেখানে নিজের সন্তানই কেভিনকে বাড়ির বাইরে আটকে রেখে নানা ফাঁদ পাতবে।
নতুন সিনেমার গল্পে কেভিনের ভিন্ন জীবন
‘হোম অ্যালোন’ সিরিজের নতুন সিনেমা তৈরির প্রস্তাবটি কালকিন নিজেই ডিজনি মোশন পিকচার্সের ডেভিড গ্রিনবামের কাছে তুলে ধরেছেন বলে জানা গেছে। ফ্র্যাঞ্চাইজিতে অভিনেতার ফিরে আসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বাড়ার পর গ্রীষ্মকালে তাদের মধ্যে এ বিষয়ে বৈঠক হয়।
বর্তমানে নিজেও বাবা হওয়ায় কেভিনের পরবর্তী জীবনের গল্পটি একজন বাবার দৃষ্টিকোণ থেকে সাজানোর পরিকল্পনা করেছেন কালকিন। শৈশবে বাড়িতে একা পড়ে চোরদের মোকাবিলা করার সেই কেভিন বড় হয়ে কীভাবে জীবন কাটাচ্ছেন, তা নিয়েই নতুন গল্পের ভাবনা।
প্রস্তাবিত গল্পে কেভিন একজন বিপত্নীক অথবা বিবাহবিচ্ছেদ হওয়া বাবা। তিনি একাই সন্তানকে বড় করছেন। একপর্যায়ে কেভিন বাড়ির বাইরে আটকা পড়েন, আর তার ছেলে তাকে বাড়িতে ঢুকতে বাধা দিতে নানা ফাঁদ পেতে রাখে। মূল সিনেমায় কেভিন যেভাবে বাড়িতে ঢোকা চোরদের জন্য ফাঁদ তৈরি করেছিল, নতুন গল্পে পরিস্থিতি হবে তার উল্টো।
নতুন সিনেমাটিতে কালকিন অভিনয় করবেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। চিত্রনাট্য নিয়ে কাজ করছেন সেথ রোজেন এবং প্রযোজনার দায়িত্বে থাকছেন ইভান গোল্ডবার্গ। তারা বর্তমানে কালকিনের সঙ্গে গল্পের ধারণাটি নিয়ে কাজ করছেন। তবে সিনেমাটির পরিচালক কে হবেন, তা এখনো জানা যায়নি।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে ‘আ নস্টালজিক নাইট উইথ ম্যাকলে কালকিন’ ট্যুরে নিজের পুরোনো চরিত্রে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন অভিনেতা। তখন তিনি বলেছিলেন, উপযুক্ত গল্প ও সুযোগ পেলে ‘হোম অ্যালোন’-এ কেভিনের চরিত্রে অভিনয় করতে তার আপত্তি নেই।
‘হোম অ্যালোন’ সিনেমার ইতিহাস
ক্রিস কলম্বাস পরিচালিত ‘হোম অ্যালোন’ মুক্তি পায় ১৯৯০ সালে। সিনেমাটিতে কেভিন ম্যাকক্যালিস্টার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান ম্যাকলে কালকিন। এর দুই বছর পর, ১৯৯২ সালে মুক্তি পায় ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’। প্রথম দুটি সিনেমা বিশ^জুড়ে মোট ৮৩৬ দশমিক ২ মিলিয়ন ডলার আয় করে।
এরপর ১৯৯৭ সালে রাজা গসনেলের পরিচালনায় মুক্তি পায় ‘হোম অ্যালোন ৩’। ২০০২ সালে রড ড্যানিয়েল পরিচালনা করেন টেলিভিশন চলচ্চিত্র ‘হোম অ্যালোন ৪’। পরবর্তী সময়ে ২০১২ সালে পিটার হিউইট পরিচালিত ‘হোম অ্যালোন: দ্য হলিডে হাইস্ট’ এবং ২০২১ সালে ড্যান মেজার পরিচালিত ‘হোম সুইট হোম অ্যালোন’ মুক্তি পায়। শেষের দুটি সিনেমার একটি টেলিভিশন এবং অন্যটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়।
সিরিজের প্রতিটি সিনেমার গল্পেই ছুটির মৌসুমে বাড়িতে একা পড়ে যাওয়া শিশুদের নিজেদের ও পরিবারের বাড়িকে চোরদের হাত থেকে রক্ষার নানা কৌশল দেখানো হয়েছে। তবে প্রথম দুটি সিনেমার জনপ্রিয়তা পরবর্তী কিস্তিগুলো ধরে রাখতে পারেনি। ম্যাকলে কালকিনের মতো তারকাখ্যাতিও সিরিজের অন্য প্রধান অভিনেতাদের কেউ অর্জন করতে পারেননি।
নতুন সিনেমায় কালকিনের প্রত্যাবর্তনের খবর ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করলেও ডিজনি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে সিনেমাটির গল্প, নির্মাতা ও মুক্তির সময় নিয়ে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে।




