খেলাধুলা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান, শান, সাইম ও ইমাম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, সাইম আইয়ুব ও ইমাম-উল-হকের মতো পরিচিত ক্রিকেটারদের। ২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৮ জন ক্রিকেটারের চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। এবার চুক্তির কাঠামোতেও বড় পরিবর্তন এনেছে বোর্ড। প্রচলিত গ্রেডভিত্তিক ব্যবস্থা বাদ দিয়ে নির্দিষ্ট সংস্করণ ও উন্নয়নশীল ক্রিকেটারদের জন্য পাঁচটি শ্রেণিতে চুক্তি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার প্রকাশিত এই তালিকায় আগের মৌসুমের তুলনায় আটজন ক্রিকেটার বেশি রয়েছেন। তবে চুক্তির তালিকায় জায়গা হয়নি বেশ কয়েকজন অভিজ্ঞ ও জাতীয় দলের পরিচিত খেলোয়াড়ের। রিজওয়ান, শান মাসুদ, সাইম আইয়ুব ও ইমাম-উল-হক ছাড়াও বাদ পড়েছেন হাসান আলী, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, খুররম শাহজাদ, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
নতুন কাঠামোয় টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণের চুক্তি পেয়েছেন মাত্র দুজন, বাবর আজম ও সালমান আলী আগা। শুধু টেস্ট চুক্তিতে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।
ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের চুক্তি পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। শুধু টি-টোয়েন্টি চুক্তিতে রয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।
এবারের চুক্তিতে সবচেয়ে বড় অংশ তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের। ডেভেলপমেন্ট শ্রেণিতে জায়গা পেয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে রয়েছেন আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তায়্যিব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রনধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম ও উবায়েদ শাহ।
তরুণদের এই তালিকায় শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে খেলা তায়্যিব আরিফ ও গাজী ঘোরিও রয়েছেন। নাসিম শাহর দুই ভাই উবায়েদ শাহ ও হুনাইন শাহও চুক্তি পেয়েছেন। উবায়েদ ইতিমধ্যে পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছেন।
টেস্ট অধিনায়ক হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়া বাবর আজম সম্প্রতি রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে নেতৃত্ব দেন। ২০ নভেম্বর শেষ হওয়া ওই সিরিজের মাধ্যমে দুই বছর পর টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। সালমান আলী আগা দুই সংস্করণের চুক্তি পেলেও টি-টোয়েন্টি চুক্তিতে নেই। কয়েক মাস আগে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কত্ব করা এই অলরাউন্ডারের জায়গায় অধিনায়ক হওয়া সাহিবজাদা ফারহান পেয়েছেন শুধু টি-টোয়েন্টি চুক্তি।
২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে নতুন কেন্দ্রীয় চুক্তি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!