খেলাধুলা

নেইমারের ব্যাপারে যে সিদ্ধান্ত নিলেন আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর ৬৯ দিন বাকি। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিলের প্রায় পুরো স্কোয়াড নির্ধারণ করে ফেলেছেন কার্লো আনচেলত্তি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, এই তালিকায় নেইমারকে রাখেননি প্রধান কোচ। পেশির টান থেকে সেরে উঠলেও সবশেষ দুটি ম্যাচে নেইমারকে না রেখে বিতর্ক উসকে দেন ব্রাজিলের কোচ। আনচেলত্তি ও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) স্পষ্ট করে দিয়েছে-দলে ডাক পেতে ও ফিরতে হলে তাকে শারীরিকভাবে শতভাগ ফিট থাকতে হবে। আপাতদৃষ্টিতে সবকিছু আভাস দিচ্ছে, সান্তোস এফসি আইকন উত্তর আমেরিকায় দলের সঙ্গে যাচ্ছেন না। ইএসপিএন এক প্রতিবেদনে বলছে, বিশ^কাপের জন্য ২৬ জনের মধ্যে ২৪টি জায়গা চূড়ান্ত হয়ে গেছে। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড তাদের মধ্যে নেই। বর্তমান স্কোয়াড নিয়েই লড়াইয়ে নামার পরিকল্পনা আনচেলত্তির। বাকি দুটি জায়গার জন্য তিন জন লড়বেন-লুকাস পাকেতা, এন্দ্রিক ও ইগোর থিয়াগো। তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন আনচেলত্তি। আন্তর্জাতিক মঞ্চে শুধুমাত্র একজন তারকার ওপর নির্ভর না করে দলগত পারফরম্যান্স চান। ভিন্ন প্রয়োজন, পরিস্থিতি ও প্রতিপক্ষের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম-এমন একটি দল গড়ার লক্ষ্য তার। ইনজুরির পাশাপাশি ম্যাচ ফিটনেসের ঘাটতির কারণে নেইমারকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান কোচ। ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে হাঁটুর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে খেলেননি দেশের সর্বকালের শীর্ষ গোলদাতা। ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমার এই বছর মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন। তবে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার, তাই তার অনুপস্থিতি হাজারো ভক্ত, বিশ্লেষক ও মরিনহো, রোমারিও, রোনালদো নাজারিও ও কাফুর মতো ব্যক্তিত্বদের হতবাক করেছে। তাকে বিশ^কাপ দলে রাখার দাবি জানিয়েছেন তারা। এরপরও আনচেলত্তি তার দেওয়া শর্তে অটল থেকে নেইমারকে যদি বাদ দেন, তাহলে বলা যায়- ব্রাজিলের ফুটবল ইতিহাসের একটি অধ্যায়ের শেষ হতে চলেছে। আগামী ১৮ মে বিশ^কাপের চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!