খেলাধুলা

ফ্রান্সের কোচ হিসেবে নিযুক্ত হলেন জিনেদিন জিদান

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করলেন জিনেদিন জিদান। ইতালির খ্যাতনামা দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ২০৩০ সালের মাঝামাঝি পর্যন্ত ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেছেন ফরাসি কিংবদন্তি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেন রোমানো। রোমানোর তথ্য অনুযায়ী, চুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৫৪ বছর বয়সী জিদান আনুষ্ঠানিকভাবে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেবেন। এর আগে দেশম ফ্রান্সের কোচ হিসেবে টানা ১৪ বছরের অধ্যায়ের ইতি টেনেছেন। এর মাধ্যমে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হলো। বিশেষ করে ২০১৬ থেকে ২০১৮ এবং পরে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিদানের অসাধারণ সাফল্যের পর থেকেই তাকে ফ্রান্সের কোচ হওয়ার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। তার অধীনে রিয়াল মাদ্রিদ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে এবং দুটি স্প্যানিশ লিগ শিরোপাও জয় করে। দেশম এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি টেনেছেন। তার নেতৃত্বে ফ্রান্স ২০১৮ বিশ^কাপ জয় করে, ২০২২ বিশ^কাপে রানার্সআপ হয় এবং এ বছরের সর্বশেষ বিশ^কাপে চতুর্থ স্থান অর্জন করে। খেলোয়াড়ি জীবনেও জিদানের অর্জনের ঝুলি সমৃদ্ধ। তিনি ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ^কাপ এবং ২০০০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতান। এছাড়া ২০০২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন। ২০০৬ বিশ^কাপের ফাইনালে ইতালির বিপক্ষে মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করার ঘটনায় লাল কার্ড দেখে তার বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের সমাপ্তি ঘটে। এবার ‘জিজু’ নামে পরিচিত জিদান নতুন প্রজন্মের ফরাসি ফুটবলারদের নিয়ে আরও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠের ধারে ফিরছেন। তার সঙ্গে চুক্তি ২০৩০ বিশ^কাপ পর্যন্ত।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!