খেলাধুলা

জাতীয় দলে ফিরতে চান সাব্বির

অনেকদিন ধরে জাতীয় দলে না থাকলেও সাব্বির রহমান এখনও দেশের ক্রিকেটে বড় নাম। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়ে, হাঁকিয়েছেন দুটি অর্ধশতক। এর আগে বিসিএলেও ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। জাতীয় দলে ফেরার আশাও এখনও হারাচ্ছেন না। বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট, ৬৬টি ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটার মূলত পাখির চোখ করেছেন ওয়ানডে ফরম্যাটকে। একদিনের ক্রিকেটে বাংলাদেশ দলের মিডল অর্ডার ধুঁকছে। সেই ঘাটতি পোষাতে সাব্বির সুযোগ পেলে অবাক হওয়ার কিছু নেই। যদিও এক্ষেত্রে সাব্বিরের প্রতিদ্বন্দ্বী আবাহনীরই অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। গতকাল মঙ্গলবার গণমাধ্যমের সাথে আলাপকালে এই হার্ড হিটার ব্যাটার বলেন, ‘যে-ই ঢ়ুকুক বাংলাদেশ দলে, দল যেন ভালো করে এটাই বিষয়। আমি ঢ়ুকি বা মোসাদ্দেক। আমার চোখ অবশ্যই থাকবে। সেজন্যই ভালো খেলার চেষ্টা করছি। এবার না হলে পরেরবার হবে, পরেরবার না হলে তার পরেরবার। হাল কখনও ছাড়ব না ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত ক্যারিয়ার আছে আমার।’ অধিনায়ক মোসাদ্দেকও আছেন ভালো ছন্দে। তার প্রশংসা করে সাব্বির বলেন, ‘মোসাদ্দেক তো ১৪ বছর ধরে খেলছে। আবাহনী সম্পর্কে সব ওর মুখস্থ। আমার যেখানে এটা দ্বিতীয় বছর। টিম লিডার হিসেবে খুবই ভালো। সবাইকে স্বাধীনতা দেয়। যে যার মতো খেলতে পারে। সেও খুব ভালো ফর্মে আছে। মিডল অর্ডারে ভালো সাপোর্ট দিচ্ছে।’ এ সময় নিজের ফর্ম ও প্রস্তুতি নিয়েও কথা বলেন সাব্বির। জানান, ‘আসলে ট্র্যাকে তো সবসময় ছিলাম। কখনও অন অফ ছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। যে কয়টা ম্যাচ খেলছি ভালো খেলার চেষ্টা করছি। প্রস্তুতি ভালো হচ্ছে।’ মিরপুরে কেন প্র্যাকটিস করতে আসেন না ব্যাখ্যা করে রাজশাহীর ক্রিকেটার বলেন, ‘রাজশাহীর ছেলে, রাজশাহীতে প্র্যাকটিস করি। খোলা মাঠে প্র্যাকটিস করার সুযোগ থাকে। মিরপুরে অনেক গেদারিং হয়ে যায়, প্র্যাকটিসের সুযোগ সেভাবে হয় না। সময় কম থাকে। রাজশাহীতে মন ভরে, সময় নিয়ে প্র্যাকটিস করতে পারি। ফলাফল আসছে আস্তে আস্তে। আরও ভালো খেলার চেষ্টা করছি।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!