আফগান সিরিজ সামনে রেখে দল ঘোষণা দিলো ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার আগেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য ১৫ সদস্যের টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ভারত। দুই সংস্করণেই নেতৃত্ব দেবেন শুভমান গিল। তবে দলে থাকছেন না ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এটিই ভারতের প্রথম সাদা পোশাকের প্রথম অ্যাসাইনটমেন্ট। বুমরাহ ছাড়াও সবশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন রবিন্দ্রো জাদেজা, অক্ষর প্যাটেল ও আকাশ দীপ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মম করে প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাব পেয়েছেন দুই বাঁহাতি স্পিনার মানব সুথার ও হার্শশ দুবে। এছাড়া ডাক পেয়েছেন ডানহাতি পেসার গুরনুর ব্রার। টেস্ট ইতিহাসে ভারত ও আফগানিস্তান এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল। ২০১৮ সালে বেঙ্গালুরুর সেই ঐতিহাসিক টেস্টে আফগানদের ইনিংস ও ২৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত, ম্যাচটি শেষ হয়েছিল মাত্র দুই দিনে। আগামী ৬ থেকে ১০ জুন নিউ চণ্ডীগড়ে দুই দল তাদের ইতিহাসের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে। এরপর ১৪, ১৭ এবং ২০ জুন যথাক্রমে ধর্মশালা, লখনৌ এবং চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে, যেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলিও খেলবেন।
ভারত টেস্ট স্কোয়াড-
শুভমান গিল (অধিনায়ক), জশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পান্ত, দেবদূত পাড্ডিকেল, নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মানব সুথার, গুরনুর ব্রার, হার্শ দুবে ও ধ্রুব জুরেল।
ভারত ওয়ানডে স্কোয়াড-
শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনুর ব্রার ও হার্শ দুবে।




