রোহিঙ্গা শিবিরে নিরাপত্তাহীনতায় ক্ষতিগ্রস্ত নারী ও শিশুরা: জাতিসংঘের বিশেষ দূত

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিরাপত্তাহীনতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা। শিবিরগুলোতে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে গুরুতর অপরাধ বাড়ছে বলে জানিয়েছেন মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি কারি। গতকাল বুধবার ঢাকায় জাতিসংঘ অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কেলি কারি বলেন, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা সংকট আরও জটিল হচ্ছে। বিশেষ করে সুরক্ষা, শিক্ষা, জীবিকায়ন সহায়তা এবং জরুরি নয় এমন স্বাস্থ্যসেবায় অর্থায়ন কমে যাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। শুধু জীবন রক্ষাকারী জরুরি সহায়তার ওপর গুরুত্ব দেওয়ার ফলে সংকটের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, সহায়তা আরও কমানো হলে এমন একটি তরুণ প্রজন্ম তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে, যাদের সামনে কোনো আশা থাকবে না এবং হারানোরও কিছু থাকবে না। জাতিসংঘের এই বিশেষ র্যাপোর্টিয়ার বলেন, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সমস্যাকে আলাদা ও সাময়িক হিসেবে না দেখে সামগ্রিক এবং পরস্পর সম্পর্কযুক্ত সংকট হিসেবে বিবেচনা করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থসহ সব জনগোষ্ঠীর কল্যাণে সমন্বিত নীতিগত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পাঁচ সপ্তাহ, পাঁচ মাস কিংবা পাঁচ বছর পর প্রত্যাবাসনের সুযোগ তৈরি হোকÑ যেকোনো পরিস্থিতিতে যেন সংশ্লিষ্ট জনগোষ্ঠী প্রস্তুত থাকে, সেজন্য বিদ্যমান ব্যবস্থাগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। কেলি কারি বলেন, স্থানীয় পর্যায়ে সহায়তা ও কার্যক্রম পরিচালনার দায়িত্ব বাড়ানোর অর্থ সামগ্রিক সহায়তা কমিয়ে দেওয়া নয়। কার্যকর স্থানীয়করণ নিশ্চিত করতে হলে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সামাজিক সংহতি, অন্তর্ভুক্তি এবং শিবির ব্যবস্থাপনায় সংস্কার প্রয়োজন। বিশেষ করে শরণার্থীদের নিজেদের উদ্যোগে কাজ করার সুযোগ, প্রকৃত প্রতিনিধিত্ব ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তিনি আরও বলেন, শরণার্থীদের কেবল সহায়তা গ্রহণকারী হিসেবে বিবেচনা না করে অধিকারসম্পন্ন মানুষ হিসেবে দেখতে হবে। নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে তাদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। মানবাধিকারের মূল ভিত্তিই হচ্ছে মানুষের অধিকার ও মর্যাদার স্বীকৃতি। কেলি কারি জানান, এসব পর্যবেক্ষণের পাশাপাশি সংকটের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অংশীজনদের জন্য আরও বিস্তারিত ও সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করবেন তিনি। আগামী ২০২৭ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে বাংলাদেশ সফর নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবেন। উল্লেখ্য, ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করেন মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি কারি।




