চলনবিলের পর্যটন খাতকে দর্শনীয় করতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, চলনবিলের পর্যটন খাতকে নতুন রূপে সাজাতে প্রধানমন্ত্রীর নির্দেশে পরিদর্শনে এসেছি। সম্ভাবনাময় চলনবিলের পর্যটন খাতকে আরও দর্শনীয় এবং যুগোপযোগী করতে বর্তমান সরকার সারা দেশের পর্যটন খাতসহ চলনবিলের পর্যটনকে আধুনিক সময়োপযোগী করতে নানা উদ্যোগ নিচ্ছেন। আর তা বাস্তবায়নে কাজ করছেন। গতকাল শনিবার সকালে চলনবিল অঞ্চলে ইকো ট্যুরিজম সমন্বিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা অংশে অবস্থিত চলনবিলের মান্নান নগর এলাকা পরিদর্শন করেন। পরে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলনবিল। এ বিলের নৈসঙ্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। পাশাপাশি চলনবিল অধ্যুষ্যিত নাটোর, সিরাজগঞ্জ, পাবনার নানা বিভিন্ন স্থান ও এলাকা পুরাকীর্তিতে ভরপুর। এছাড়া বিলের জীব-বৈচিত্র্য দেখা ও জানার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে- যা জাতীয় সম্পদ। চলনবিলে সমন্বিত ইকো ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুতই শুরু করা হবে। তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের সঞ্চলনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান প্রমুখ।




