প্রধান খবরসারাদেশ

পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। সংস্থাটির হিসাবে, চার সদস্যের একটি পরিবারের খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক চাহিদা পূরণ করে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য একজন পোশাক শ্রমিকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। সিপিডির হিসাব অনুযায়ী, বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় ২০২৩ সালের নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরির ক্রয়ক্ষমতা ধরে রাখতে এখন প্রয়োজন ১৬ হাজার ৩৫১ টাকা। অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে একজন উপার্জনকারীর মাসিক আয় প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর মৌলিক চাহিদা পূরণ করে একটি মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। সিপিডি বলছে, নতুন মজুরি নির্ধারণে শুধু শ্রমিক ও মালিকপক্ষের দর-কষাকষির ওপর নির্ভর না করে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা, শিল্পের সক্ষমতা ও পরিবারের সদস্যসংখ্যাসহ সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বিবেচনায় নিতে হবে। তাদের প্রস্তাব, শ্রমিকদের মৌলিক চাহিদাকে মজুরির সর্বনিম্ন সীমা এবং শিল্পের সক্ষমতাকে সর্বোচ্চ সীমা ধরে এই দুইয়ের মধ্যে আলোচনা করে মজুরি নির্ধারণ করা উচিত। ব্রিফিংয়ে বলা হয়, গত ৯ নভেম্বর পোশাক শ্রমিকদের পক্ষ থেকে নিম্নতম মজুরি বোর্ডে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা এবং নতুন ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মালিকপক্ষ এখনও তাদের প্রস্তাব জমা দেয়নি। এ অবস্থায় পর্যাপ্ত তথ্য-উপাত্ত ও গ্রহণযোগ্য পদ্ধতি ছাড়া মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়া হলে শ্রমিক-মালিক অসন্তোষের পুনরাবৃত্তি হতে পারে। সিপিডির গবেষণায় বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক অনুযায়ী মূল্যস্ফীতি বেড়েছে ৩০ দশমিক ৮ শতাংশ। ফলে আগের মজুরির সমান ক্রয়ক্ষমতা ধরে রাখতেই এখন ১৬ হাজার ৩৫১ টাকা প্রয়োজন। অন্যদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-এর তথ্য এবং পরবর্তী মূল্যস্ফীতি বিবেচনায় ঢাকার শহরাঞ্চলে একজন মানুষের উচ্চ দারিদ্র্যসীমার ব্যয় দাঁড়িয়েছে মাসে ৭ হাজার ৩৩৮ টাকা। চার সদস্যের একটি পরিবারের জন্য এ ব্যয় ২৯ হাজার ৩৫৩ টাকা। পরিবারে গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে একজনের মাসিক আয় প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। মর্যাদাপূর্ণ জীবনযাপনের হিসাব করতে গিয়ে খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, যোগাযোগ, ব্যক্তিগত পরিচর্যা, জরুরি ব্যয় ও সঞ্চয় বিবেচনায় নিয়েছে সিপিডি। এতে চার সদস্যের পরিবারের মাসিক ব্যয় দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৪৩ টাকা। পরিবারে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে একজনের আয় প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। তবে সিপিডি জানিয়েছে, এসব হিসাব প্রাপ্ত গৌণ তথ্য-উপাত্তের ভিত্তিতে করা হয়েছে। পোশাক শ্রমিকদের পরিবারের প্রকৃত সদস্যসংখ্যা ও উপার্জনকারীর সংখ্যা নির্ধারণে বড় পরিসরে প্রতিনিধিত্বশীল জরিপ নেই। ফলে হিসাবগুলোকে চূড়ান্ত মজুরি হিসেবে নয়, আলোচনার জন্য নির্দেশক হিসাব হিসেবে বিবেচনা করতে হবে। সিপিডির মতে, বর্তমানে পোশাক খাতের মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় শ্রমিকদের দাবি, মালিকদের পাল্টা প্রস্তাব এবং শেষ পর্যন্ত দুই পক্ষের মাঝামাঝি একটি অঙ্কে সমঝোতার প্রবণতা রয়েছে। এতে প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও শিল্পের আর্থিক সক্ষমতা যথাযথভাবে প্রতিফলিত হয় না। এ জন্য শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পরিবারের সদস্যসংখ্যা, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম, শিল্পাঞ্চলভিত্তিক বাড়িভাড়া এবং স্বাস্থ্য ও শিক্ষার ব্যয় নিয়ে জরিপ করার সুপারিশ করেছে সংস্থাটি। পাশাপাশি কারখানার উৎপাদনশীলতা, রফতানি আয়, পণ্যের দাম, উৎপাদন ব্যয়, মুনাফা, ঋণের সুদ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে। সিপিডি আরও বলেছে, নিম্নতম মজুরি বোর্ড গঠনের অন্তত ছয় মাস আগে প্রক্রিয়া শুরু করা উচিত। মজুরি নির্ধারণে নির্দিষ্ট সময়সূচি, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং কোন সূচককে কতটা গুরুত্ব দেওয়া হবে, তা আগেই নির্ধারণ করতে হবে। পাশাপাশি প্রতি বছর মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি সমন্বয়ের ব্যবস্থাও থাকা প্রয়োজন। সংস্থাটি মজুরি আলোচনায় আন্তর্জাতিক ক্রেতাদের সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছে। তাদের মতে, শ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যয় যেন শুধু স্থানীয় মালিকদের ওপর না পড়ে, সে জন্য আন্তর্জাতিক ক্রেতাদের পণ্যের মূল্য নির্ধারণ ও শ্রম ব্যয় বিবেচনায় দায়িত্ব নিতে হবে। ব্রিফিংয়ে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান উপস্থিত রয়েছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!