ইনজুরিতে ছিটকে গেলেন জ্যাকব বেথেল

হাঁটুর চোটের কারণে ইংল্যান্ডের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে খেলা হচ্ছে না জ্যাকব বেথেলের। ডান হাঁটুতে আবারও অস্ত্রোপচার করাতে হবে এই অলরাউন্ডারকে। তাতে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজের পাশাপাশি ২০২৭ সালের আইপিএলেও খেলা হচ্ছে না তার। ২০২৬ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন বেথেল। এরপর অস্ত্রোপচার করিয়ে মাঠের বাইরে ছিলেন তিনি। অস্ট্রেলিয়া সফর দিয়ে ফেরার কথা থাকলেও অনুশীলনের সময় হাঁটুর পুরোনো সমস্যা আবার দেখা দেয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির এক মুখপাত্র জানিয়েছেন, এই সপ্তাহেই ডান হাঁটুতে অস্ত্রোপচার করাবেন বেথেল। ফলে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন তিনি। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। চোটের কারণে আগামী আইপিএলেও খেলতে পারবেন না বেথেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক মো ববাত জানিয়েছেন, চোট থেকে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা থাকায় তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বেথেলকে ছেড়ে দেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল বলেও জানিয়েছেন তিনি। ২০২৬ সালে দারুণ ছন্দে ছিলেন ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। এরপর টি-টোয়েন্টি বিশ^কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষেও করেছিলেন দুর্দান্ত শতক। তবে বছরের দ্বিতীয়ার্ধে চোটের কারণে ইংল্যান্ডের হয়ে আর খেলতে পারেননি তিনি।




