আন্তর্জাতিক

ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে বন্যার শঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’ ঘণ্টায় মাত্র ৩ কিলোমিটার গতিতে এগোচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের গতি কম হলেই যে তা বেশি ধ্বংসাত্মক হবে, এমন নয়। তবে ঝড়ের ধীরগতির কারণে কোনো এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টি হতে পারে। এতে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ কারণে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি প্রতিবেশী তেলেঙ্গানা ও ওডিশায়ও সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের গতি কেন গুরুত্বপূর্ণ এবং ধীরগতির ঝড় উপকূলীয় অঞ্চলের জন্য কী ধরনের বিপদ তৈরি করতে পারে, তা নিয়ে আবহাওয়াবিজ্ঞানীদের গবেষণায় বেশ কিছু তথ্য উঠে এসেছে। ২০২১ সালে ‘জার্নাল অব হাইড্রোমেটিওরোলজি’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত উপকূলে আঘাত হানা ২৮০টি ঘূর্ণিঝড় বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ঘূর্ণিঝড়ের সামনের দিকে এগিয়ে যাওয়ার গতি এবং এর ফলে সৃষ্ট বন্যার তীব্রতার মধ্যে উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা গেছে, ধীরগতির ঘূর্ণিঝড় সাধারণত কোনো এলাকায় বেশি সময় অবস্থান করে। ফলে একই অঞ্চলে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয় এবং সেখানে বৃষ্টির পানি জমতে থাকে। এতে নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়। গবেষকেরা আরও দেখেছেন, ঘূর্ণিঝড়ের মোট বৃষ্টিপাত বন্যার তীব্রতা নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া ঝড়ের আকার ও শক্তি, মাটিতে আগে থেকে থাকা আর্দ্রতা এবং ভূমির ঢালও বন্যার ঝুঁকিকে প্রভাবিত করে। এমনকি তুলনামূলক দুর্বল ঘূর্ণিঝড়ের কারণেও ভয়াবহ বন্যা হতে পারে। অর্থাৎ বাতাসের গতির ভিত্তিতে ঝড়ের শক্তি নির্ধারণ করলেই বন্যার ঝুঁকি পুরোপুরি বোঝা যায় না। ২০২২ সালে ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রকাশিত আরেকটি গবেষণায় ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত উপগ্রহ থেকে পাওয়া বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ঘূর্ণিঝড়ের সামনের দিকে এগিয়ে যাওয়ার গতি বাড়লে সাধারণত বৃষ্টিপাতের গড় হারও বাড়ে। গবেষণা অনুযায়ী, দ্রুতগতির ঘূর্ণিঝড়ে বৃষ্টিপাতের গড় হার ধীরগতির ঝড়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি। সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে এই পার্থক্য আরও বেশি। তবে এর অর্থ এই নয় যে দ্রুতগতির ঘূর্ণিঝড় সব সময় বেশি বৃষ্টি ঝরায়। কারণ, ধীরগতির ঝড় কোনো অঞ্চলের ওপর দীর্ঘ সময় অবস্থান করে। ফলে বৃষ্টিপাতের গড় হার কম হলেও দীর্ঘ সময় ধরে বৃষ্টির কারণে মোট বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। গবেষকদের মতে, ধীরগতির ঘূর্ণিঝড়ের অতিরিক্ত অবস্থানকাল বৃষ্টিপাতের হারের পার্থক্যকে ছাড়িয়ে যেতে পারে। তাই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি শুধু এর গতির ওপর নির্ভর করে না। ঝড়ের শক্তি, আকার, বৃষ্টির বিস্তৃতি, গতিপথ এবং আশপাশের আবহাওয়াব্যবস্থার সঙ্গে এর মিথস্ক্রিয়াও ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ করে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!