আন্তর্জাতিক

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক জড়িত ছিল বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে ফুজাইরা আমিরাতের প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা দেন। এতে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে ধীরগতির যানজটের কারণে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িকে আঘাত করে। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতে। মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দুর্ঘটনার পর উদ্ধার ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষায়িত দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে আমিরাতের নাগরিকদের পাশাপাশি কয়েকজন বিদেশিও রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!