আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সীমিত ফ্লাইট পুনরায় চালু করবে ভারতীয় বিমান সংস্থা

ভারতীয় বিমান সংস্থাগুলো গতকাল মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধের কারণে আটকে পড়া হাজার হাজার যাত্রীকে ফিরিয়ে আনার লক্ষ্যে তারা মধ্যপ্রাচ্যে সীমিত বাণিজ্যিক পরিষেবা পুনরায় চালু করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। লাখ লাখ দক্ষিণ এশীয় নাগরিক মধ্যপ্রাচ্যে বাস করেন এবং কাজ করেন। ইন্ডিগো জানিয়েছে, তারা দেশগুলোর মধ্যে কার্যক্রম ‘ক্রমাগতভাবে স্বাভাবিক’ করার প্রচেষ্টার অংশ হিসাবে সৌদি আরবের জেদ্দায় চারটি ফিরতি ফ্লাইট পরিচালনা করবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, সংস্থাটি গতকাল মঙ্গলবার থেকে ওমানের রাজধানী মাস্কাট থেকে ফ্লাইট পুনরায় চালু করবে। তবে বিমান সংস্থাগুলো এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইট চলাচল পরিষেবা স্থগিত রয়েছে। বাজেট ক্যারিয়ার আকাসা এয়ার জানিয়েছে, তারা জেদ্দায় কিছু নির্দিষ্ট ফ্লাইট পরিচালনা করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহরাইন, সৌদি আরব এবং জর্ডানের নেতাদেরসহ মধ্যপ্রাচ্যের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন। ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তাদের ধন্যবাদ জানান মোদী। হামলায় বেশ কয়েকজন দক্ষিণ এশীয় নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে আবুধাবিতে কমপক্ষে একজন নেপালি এবং বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে দুইজন বাংলাদেশি রয়েছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওমানের কাছে একটি জাহাজে একজন নাগরিক নিহত হয়েছেন। মোদী সোমবার বলেছেন যে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথেও কথা বলেছেন, যেখানে তিনি ‘সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার হিসেবে জোর দিয়েছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!