খেলাধুলা

আঙুলের চোটে দল থেকে ছিটকে গেলেন ইংলিস

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস। ডান হাতের তর্জনীতে চোট পাওয়ায় আগামী মাসে একই দলের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান ইংলিস। পরে ব্যাট হাতে ৩ রান করে বিয়র্ন ফরচুনের বলে আউট হন। চোটের স্ক্যান করাতে দেশে ফিরবেন তিনি। সুস্থ হয়ে ওঠার অগ্রগতি ও পরবর্তী মূল্যায়নের পর টেস্ট সিরিজে তার খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইংলিসের অনুপস্থিতিতে শেষ দুই ওয়ানডেতে আবারও উইকেটের পেছনে দাঁড়াবেন অ্যালেক্স ক্যারি। সাম্প্রতিক সময়ে দুজন একসঙ্গে খেললে কিপিং করেছেন ইংলিস, আর ফিল্ডিং করেছেন ক্যারি। তবে টেস্ট স্কোয়াডে ইংলিসকে অতিরিক্ত ব্যাটার ও রিজার্ভ উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। ২০২৫ সালের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন ইংলিস। এরপর অবশ্য ছয় ইনিংসে ৩২ রানের বেশি করতে পারেননি। এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলা এই ব্যাটার সবগুলোতেই বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলেছেন। ইংলিস সময়মতো সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরতে না পারলে অস্ট্রেলিয়াকে বিকল্প উইকেটকিপার দলে নেওয়ার কথা ভাবতে হবে। কারণ ক্যারি চোটে পড়লে স্কোয়াডে আর কোনো বিশেষজ্ঞ উইকেটকিপার থাকবে না। সম্ভাব্য বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে ভারত সফরে থাকা জশ ফিলিপ ও স্যাম হার্পারের নাম আলোচনায় আসতে পারে। এছাড়া নাথান ম্যাকসুইনি ও অভিজ্ঞ পিটার হ্যান্ডসকম্বকেও বিবেচনা করা হতে পারে। গত মৌসুমে শেফিল্ড শিল্ডে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হ্যান্ডসকম্ব, পাশাপাশি তিনি উইকেটকিপিংও করতে পারেন। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির মৌসুম এখনও শুরু হয়নি। শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডের ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের সময়েই হওয়ার কথা। ফলে দ্রুত বিকল্প খুঁজে নেওয়া অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!