বকশীগঞ্জে সার পাচারকালে গভীর রাতে ২৩ বস্তা সার ধরলেন ইউএনও

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। পরে সার গুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, ভ্যান গাড়িতে করে ২৩ বস্তা ডিএডিসির সার ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান চালান ইউএনও মুরাদ হোসেন।
এ সময় ভ্যান গাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন তিনি। পরে জব্দকৃত সার গুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, সার গুলো কোথায় থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কৃষকরা জানান, ডিলার পয়েন্টে সার নিতে গেলে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় সার না পেয়ে ফিরে যেতে হয় কৃষকদের। এর মধ্যে কিছু ডিলার বিভিন্ন কৌশলে সংকট দেখিয়ে সার চড়া দামে বিক্রি করছে এবং বিভিন্ন জায়গায় পাচার করছে।
তবে ডিলারদের সার বিতরণে অনিয়ম ঠেকাতে অনলাইন ভিত্তিক অ্যাপস এর মাধ্যমে সার বিতরণ পদ্ধতি চালু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। ফলে আগের মত সার বিতরণে অব্যবস্থাপনা বা অনিয়মের সুযোগ পাবেন না ডিলাররা। অ্যাপস এর মাধ্যেম সার বিতরণ শুরু হওয়ায় একজন কষকের যা সার প্রয়োজন তিনি ততটুকুই পাবেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। এতে অনিয়মের সুযোগ নেই।




