সারাদেশ

জামালপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম আক্তার নামের এক শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের চরলোটাবর এলাকার জামিনুর নামের এক ব্যক্তির বাড়ি থেকে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু মরিয়ম(৭) ওই এলাকার বাহাদুর আলীর মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, তিন দিন আগে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় মরিয়ম আক্তার। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও মরিয়মের সন্ধান পাননি। পরে শনিবার রাতে বিদ্যালয়ের পাশের জামিনুরের বসতঘরে মাটিচাপা দেওয়া অবস্থায় তার পরিবার মরদেহের সন্ধান পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) স্নেহাশীষ রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!