সারাদেশ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের যৌথ স্বাক্ষরে সাত সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অনুমোদনের কাগজে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর) শাখার নিম্নোক্ত কমিটির অনুমোদন দেয়া হলো। সেখানে আরো বলা হয়েছে, কমিটিরটির সভাপতি তাইফুল ইসলাম পলাশ, সহ-সভাপতি ইনতিসার আহমেদ সানি, হিজরাতুল হাসান সান, নাজমুল ইসলাম। সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিমান সরকার ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত সৌরভ।

এ ব্যাপারে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যে কমিটি দিয়েছে সেখানে লেখা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর) শাখার কমিটির অনুমোদন দেয়া হলো। কিন্তু জামালপুরে তো এ নামে কোন বিশ্ববিদ্যালয় নেই। তো এ কমিটির কোন ভিত্তি নেই, এটা ভুয়া।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল রহমান সুমিল জানায়, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এটার কোন ভিত্তি নাই। ছাত্রলীগ নামে কোন সংগঠন আছে বলে আমি মনে করি না। তাই এই কমিটির কোন মূল্য নেই। ছাত্রলীগের এই কমিটির বিষয়ে জানার জন্য কমিটিতে থাকা সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম ছিলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাম দেওয়া হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!