জাতীয়প্রধান খবর

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে গঠিত ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার সকালে রাজধানীর বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পর্ষদের উদ্বোধন করেন। নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পর্ষদের কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ, অপছন্দের ঊর্ধ্বে থাকার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দূরদর্শিতাকে পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত সম্পূর্ণ পেশাদারিত্ব ও যোগ্যতার ভিত্তিতে নিতে হবে। কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ, অপছন্দ যেন এ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন। সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি। নির্বাচনী পর্ষদের উদ্বোধনী কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!