
লিয়াকত হোসাইন লায়ন, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও পর্যালোচনা করে উপজেলার নোয়ারপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাত তিনটার দিকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোফাশেরুল ইসলাম নিশাদ এবং ছাত্রলীগ কর্মী মোস্তাফিজুর রহমান।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ছাত্রলীগের এই ঝটিকা মিছিলের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। এই ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।




