বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে চিরজীবনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। গতকাল শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃস্থাপনকৃত ঐতিহাসিক নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া আমাদের সেই মা, তারই ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আমরা প্রস্তাব করেছিলাম, উনি প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে রাজশাহীর আরএমপির শুভ সূচনা করছিলেন এবং সেই সময় এখানে ভিত্তিপ্রস্তর করেছিলেন। আরএমপি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ সুখী সমৃদ্ধিশীল হবে। ১৯৯২ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর হাত ধরে যাত্রা শুরু করেছিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম। যাত্রা শুরুর সেই ফলক যেখানে বেগম খালেদা জিয়ার নাম খোদিত ছিলো, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সেই নামফলক অপসারণ করা হয়েছিল। দীর্ঘদিন পর সেই নামফলক পুনরায় স্থাপন করা হয়েছে। আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা প্রমুখ।




